হিন্দি সিরিয়ালের অভিনেতা করণ ওবেরয় কয়েক দিন আগে আটক হয়েছিলেন ধর্ষণের অভিযোগে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের দায়রা আদালত।
জি নিউজ জানায়, বৃহস্পতিবার আদালত এই নির্দেশ দিয়েছে। সামনের বুধবার করণকে আবার আদালতে তোলা হবে।
ইতিমধ্যে আদালতে জামিনের আবেদন করেছেন অভিনেতার আইনজীবী। তবে এই ঘটনা পূজা বেদি’সহ অনেকেই করণ ওবেরয়েরই পাশে দাঁড়িয়েছেন। করণের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, ওকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
পুলিশ জানায়, ৬ মে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয় করণকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এ অভিনেতা ধর্ষণ করে বলে দাবি করেন অভিযোগকারিণী।
তিনি জানান, করণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফ্ল্যাটে ডেকে তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় ধারণ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি ব্ল্যাকমেল করে টাকা আদায়েরও চেষ্টা করেন অভিনেতা।
মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিনেতার বিরুদ্ধে ৩৭৬ ও ৩৮৪ ধারায় মামলা দায়ের করা হয়। ওই নারী পেশায় একজন জ্যোতিষী।
তবে ২০১৭ সালের অভিযোগের ভিত্তিতে কেন এত দিন পরে করণকে গ্রেপ্তার করা হলো- এ নিয়ে মন্তব্য করেনি পুলিশ।
মহেশ ভাটের ‘স্বাভিমান’-এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন করণ। এরপর ‘জসসি জ্যায়সি কোই নেহি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা যায়। পাশাপাশি ‘ব্যান্ড অব বয়েজ’ নামে একটি গানের দলের সঙ্গে যুক্ত।
