একবিংশ শতাব্দীতে এসেও নারীরা অবহেলার শিকার হচ্ছেন। বেশির ভাগ পুরুষই মনে করে নারীরা পুরুষের সঙ্গে সমানতালে চলতে পারবে না। অন্য আর দশটা ক্ষেত্রের মতো ক্রিকেট অঙ্গনের নারী তারকাদের বিষয়েও এমন ধারণা পোষণ করেন অনেকে। তার প্রমাণও মিলল সম্প্রতি। খোদ আইসিসিও এতে বিব্রত।
জানা যায়, ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্দানার একটি পোস্টের নিচে নারী বিদ্বেষী মন্তব্য করেছেন এক পাকিস্তানি যুবক। তিনি লিখেছেন, ‘মহিলা ক্রিকেটার মাত্রই ‘বিশ্রী’। মহিলাদের খেলা একেবারেই দৃষ্টি মধুর নয়। আর তাই তাদের ক্রিকেটের সঙ্গে পুরুষ ক্রিকেটের তুলনাই চলে না।’
পাকিস্তানি যুবকের এমন অশালীন মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এমনকি, গোটা বিষয়টিতে বিরক্ত আইসিসিও। যুবককে ‘উচিত শিক্ষা’ দিতে তাঁকে টুইটার থেকে ব্লক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ভারতীয় তারকা স্মৃতি লিখেছিলেন, ‘আমি নিজেকে আর মহিলা ক্রিকেটার নয়, একজন ক্রিকেটার হিসেবেই দেখি। যখন এমন কোনো তকমার প্রয়োজনই নেই, তখন উল্লেখ করার কি প্রয়োজন?’ তার এই পোস্টের নিচে ওই পাকিস্তানি যুবক লেখেন, ‘জানি আমাকে ঘৃণা করবেন। তবে আমার মতো অনেক ভারতীয়ও এটা মানে যে মহিলা ক্রিকেট দেখার মধ্যে কোনো মজা নেই। তাই পুরুষদের সঙ্গে এর তুলনাই চলে না। তা ছাড়া প্রত্যেকটি মহিলাই অত্যন্ত কুৎসিত।’
ইউজারের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে টুইটার থেকে ব্লক করে দেয় আইসিসি। এমনকি তাকে ভদ্র হওয়ার পরামর্শও দেওয়া হয়।
