কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুদু মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মণ্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া উপজেলার নাজির পাড়ার হাজী সুলতান আহমদের ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস জানান, টেকনাফ উপজেলা সদরের সাগর উপকূলীয় মণ্ডার ডেইল এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে গেলে পুলিশ ঘটাস্থল তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী দুদু মিয়ার মৃতদেহ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত দুদু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণায়ের করা তালিকায়ও তার নাম রয়েছে।
