লক্ষীপুরে ভুল চিকিৎসায় রেজিয়া বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। শনিবার সকাল ৭টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকারা পালিয়ে যায়। নিহত রেজিয়া বেগম পশ্চিম লক্ষীপুরের দালাল বাজার ইউনিয়েনের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত ২টার দিকে রেজিয়া বেগমকে হাত ভাঙা অবস্থায় শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না।
এক পর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। মুহূর্তেই ছটফট করে মারা যান ওই রোগী।
খবর পেয়ে নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করে। পরে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় কোনো বক্তব্য নেওয়া যায়নি।
লক্ষীপুর সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন বলেন, “হাত ভাঙা রোগী মারা যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চিকিৎসায় ত্রুটি ঘটেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
