তাসকিনের বিশ্বকাপ দলে ঢোকার সম্ভাবনা জানালেন পাপন

আপডেট : ১১ মে ২০১৯, ০৫:৩৪ পিএম

বিশ্বকাপ দলে তাসকিন আহমেদকে যুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এই পেসারের দলে ঢোকার পথটা খোলা আছে ঠিক, তবে থাকছে অনেক যদি-কিন্তু।

তাসকিন বিশ্বকাপ দলে ঢুকছেন এমন খবরে শনিবার সকাল থেকেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে একরকম আলোড়ন তৈরি হয়। সংবাদমাধ্যমে খবর, আবু জায়েদ রাহীর পরিবর্তে বিশ্বকাপ দলে ঢুকছেন তাসকিন আহমেদ।

রাহীর চোটের সুযোগে কলাপ খুলছে তাসকিনের এমনই খবর প্রকাশিত হয়। যা নিয়ে বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানালেন, আপাতত তাসকিনকে দলে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

পাপন বলেন তাসকিন তবেই দলে ঢুকবেন যদি ফিট থাকে। সঙ্গে কিছু যদি-কিন্তুর বিষয়ও থাকছে। বিসিবি বসের কথায়, ‘শুধু ফিট না। ফিট থাকে এবং যদি ভালো করে বল করতে পারে। এখন পর্যন্ত কিন্তু ওই রকম কিছু আমরা দেখিনি। একদম সুপিরিয়র, ওরকম কিছু বলার মতো কিছু নেই। কারণ আমরা তো কমপেয়ার করার সুযোগই পাইনি। রাহী তো এখন পর্যন্ত খেলার সুযোগই পায়নি।’’

তাই এখনই কিছু বলার সময় আসেনি বলে মন্তব্য নাজমুল হাসান পাপনের, ‘‘প্র্যাকটিস ম্যাচে খেললেও তো বুঝতাম। ওর (রাহী) তো বলই দেখা হলো না। আমার যেটা মনে হয়, এটা খুবই আর্লি, এ নিয়ে কমেন্ট করা। কেউ যদি ইনজুরড হয় তবে রিপ্লেসমেন্ট হিসেবে (তাসকিন) যেতে পারে। অথবা যদি ওরকম পরিস্থিতি হয় আমরা নিশ্চিত যে ও (তাসকিন) ফর্মে ফেরত আসছে। ও সম্পূর্ণ ফিট, বা অন্যদের চেয়ে ভালো। সেদিক থেকে আমার মনে হয় আমরা অপেক্ষা করতে পারি।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত