কোহলির সঙ্গে মেজাজ হারানো সেই আম্পায়ারের হাতেই ফাইনাল

আপডেট : ১১ মে ২০১৯, ০৬:২৮ পিএম

বিরাট কোহলির সঙ্গে রাগ করে আম্পায়ার রুমের দরজা ভেঙেছিলেন ইংলিশ আম্পায়ার নাইজেল লং। যে কারণে তাকে গুনতে হয়েছিল জরিমানাও। বিসিসিআইয়ের শাস্তির মুখেও পড়তে হতে পারে বলে আলোচনা চলছিল।

তবে বিসিসিআই ৫০ বছর বয়সী লংয়ের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি। বরং আসর জুড়ে লংয়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে। রোববার মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে।

লংয়ের আম্পায়ার রুমের দরজা ভাঙা নিয়ে বোর্ডের পক্ষে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে লংকে কোনো শাস্তি না দেওয়ার।

এক বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইপিএলে নাইজেল লংয়ের পারফরম্যান্সে আমরা খুশি। মুহূর্তের ভুলে একটা ঘটনা ঘটে গেছে। যে কোনো ব্যক্তির সঙ্গেই এটা ঘটতে পারে। লং নিজের ভুল বুঝতে পেরেছে, ক্ষতিপূরণ দিয়েছে। ঘটনাটা ওখানেই শেষ হয়ে গেছে।’’

গেল ৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে কোহলি এবং আম্পায়ার লং বাদানুবাদে জড়ান। উমেশ যাদবের একটি বলকে ‘নো’ ডাকেন লং। যা নিয়ে প্রতিবাদ করেছিলেন কোহলি। মেজাজ ঠিক রাখতে না পেরে খেলার মধ্য বিরতিতে আম্পায়ার রুমের দরজায় লাথি মেরে বসেন লং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত