ফেইসবুক কোম্পানি কি আসলেই ভেঙে যাবে?

আপডেট : ১১ মে ২০১৯, ১১:৩৪ পিএম

হোয়াটসঅ্যাপ, ফেইসবুক এবং ইন্সটাগ্রাম তিনটি প্রতিষ্ঠানই ফেইসবুকের মালিকানাধীন। সিইও মার্ক জাকারবার্গ এই কোম্পানির সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি। তবে, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা ক্রিস হিউজ। শুধু তাই নয়, তিন তিনটি প্রতিষ্ঠানকে আলাদা হতে পরামর্শ দিয়েছেন তিনি। ফেইসবুক আলাদা হওয়ার এই প্রস্তাব নাকচ করলেও সব সম্ভবের যুগে বিশ্লেষকরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট সিনেট বলছে, হিউজের কথা পাত্তা না দিলেও আমেরিকান সরকারের চাপে ফেইসবুক ভেঙে তিনটি আলাদা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে।

হিউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও এই তিনটি প্রতিষ্ঠানকে আলাদা হতে আহ্বান জানিয়েছেন।

ফেইসবুকের ২ বিলিয়নের বেশি ব্যবহারকারী। এই প্রতিষ্ঠানটির অধীনে থাকা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইন্সটাগ্রাম প্রত্যেকটির ১ বিলিয়নের বেশি করে ব্যবহারকারী রয়েছে। এত গ্রাহককে একটি প্রতিষ্ঠানের অধীনে না রাখতে বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসছে।

ফেইসবুক কী ভাবছে?

ফেইসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, এটি করার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রস্তাবিত ইন্টারনেট আইনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

কেন ফেইসবুক ভাঙার প্রস্তাব?

ব্যবহারকারীর প্রাইভেসি রক্ষা করতে না পারায় ফেইসবুক বিভিন্ন দেশে সমালোচনার শিকারে পরিণত হয়েছে। তারা বিজ্ঞাপনের জন্য যেভাবে ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে, সেটি নিয়েও অভিযোগ আছে। উল্লেখ্য, ২০১২ সালে ফেইসবুক ইন্সটাগ্রাম কিনে নেয়। দুই বছর বাদে কিনে নেয় হোয়াটসঅ্যাপও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত