রাজধানীর পল্লবী এলাকা থেকে ভুয়া নিয়োগপত্র দানকারী জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি জোনাল টিম। গতকাল শুক্রবার সন্ধ্যায় পল্লবী থানার ডিওএইচএসের মেহজাবিন প্রোপার্টিজ প্রা. লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহিনুর আলম (২৮), সাহিদ আল ইসলাম (২৪), সেলিম (২৩), সেলিম হোসেন (৩৫) ও জিবারুল ইসলাম (৩৬)। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহিলা ও শিশু অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া সিল, বিভিন্ন ব্যাংকের মুড়িপাতা, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, ভুয়া অ্যাডভোকেটের ভিজিটিং কার্ড, একটি ল্যাপটপ, একটি সিপিইউ ও একটি প্রিন্টার জব্দ করে পুলিশ।
