স্বপ্নে দেখা নম্বরে লটারি কিনেছিলেন এক ব্যক্তি। সেই নম্বরেই জিতে গেলেন ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা।
বিবিসি জানায়, ১৩ বছর আগে ওই ব্যক্তি একটি নম্বর দেখেন। সেই থেকে ওই নম্বরেই লটারির টিকিট কিনে আসছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ওই নাগরিকের নাম পরিচয়-প্রকাশ করেনি লটারি কর্তৃপক্ষ।
ওই ব্যক্তি বলেন, “অনলাইনে আমার নম্বরটা চেক করতেই এ সংবাদটা পাই। আমার বিশ্বাস ছিল, ওই নম্বরে একদিন আমি জিতবই। আমি কখনোই ওই নম্বর ছাড়িনি।”
ওই নম্বরে এর আগেও নানা ধরনের পুরস্কার জিতেন তিনি। তিনি বলেন, “ওই নম্বরটা আসলেই লাকি নাম্বার। আমি ভবিষ্যতেও ওই নম্বরে খেলে যাব।”
তাসমানিয়ার ইস্ট ডেভেনপোর্ট নিউজ এজেন্সি থেকে এই লটারি কিনেছিলেন ওই ব্যক্তি।
অস্ট্রেলিয়া স্বপ্নে নম্বর পেয়ে লটারি জেতার ঘটনা এ প্রথম নয়। এর আগেও একাধিক লটারি জেতা ব্যক্তি দাবি করেছিলেন, স্বপ্নে দেখা নম্বর অনুসারেই ওই টিকিট কিনেছিলেন তারা।
এ মাসের শুরুতেও এক নারী ১০ হাজার ডলার জিতেছিলেন লটারিতে। এক ব্যক্তি স্বপ্নে দেখা নম্বরটি তাকে দিয়েছিলেন। ওই নম্বরেই তিনি লটারিটি কিনেছিলেন।
