জলবসন্তে আক্রান্ত আমির

আপডেট : ১৩ মে ২০১৯, ০৯:৩৬ পিএম

পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তবে ইংল্যান্ড সফরের দলে ছিলেন। যেখানে দুর্দান্ত কিছু করে বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ ছিল মোহাম্মদ আমিরের সামনে। কিন্তু জলবসন্তে আক্রান্ত হয়ে সেই আশা এখন ফিকে এই পেসারের।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে হওয়া দ্বিতীয় ওয়ানডে অসুস্থতার কারণে খেলতে পারেননি আমির। প্রথম ওয়ানডে তো বৃষ্টিতেই ভেসে যায়। পাকিস্তান দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অসুস্থতার জন্য আমির ব্রিস্টলে মঙ্গলবারের ম্যাচটাও মিস করবেন।

২৭ বছর বয়সী আমির এখন দলের সঙ্গেও নেই। ইংল্যান্ডে পরিবারের সঙ্গে রয়েছেন। শুক্রবার চতুর্থ ও রোববার সিরিজের পঞ্চম ওয়ানডে। এর আগে আমির আসলে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সে সংশয় থাকছে।

হলেও নিজেকে মেলে ধরে আসলে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার মতো পারফরম্যান্স কি করতে পারবেন? ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে রদবদল করার সুযোগ আছে সব দলের সামনে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আমিরের। এরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমিরের খেলা হয়নি কোনোটিই। ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হওয়ায় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলতে পারেননি আমির।

এবারের বিশ্বকাপে আমির দারুণ কিছু করবেন এমনই ভাবা হচ্ছিল। বিশেষ করে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত বোলিং করার পর। কিন্তু সাম্প্রতিক ফর্ম আমিরের পক্ষে ছিল না। তাই বিশ্বকাপের চূড়ান্ত দলে তাকে রাখা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত