সবার ধারণা, আমার বিছানার তোশক ভর্তি টাকা: শাওন

আপডেট : ১৩ মে ২০১৯, ১০:৪৯ পিএম

জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে শেষ পর্যন্ত ফেসবুক হ্যাক করতে সফল না হলেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছে। বিষয়টি জানিয়ে ফেসবুকে শাওন বলেন, ‘আপনি যে-ই হোন না কেন- আমার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি গোপন কিছুই পাবেন না বিশ্বাস করেন। আমি খুবই কাঠখোট্টা একজন মানুষ। কঠিন হৃদয়েরও বটে। ইনবক্সে আলাপ জমানোর ক্ষেত্রে আনস্মার্ট এবং ক্ষ্যাত। আমার ইনবক্স দেখলে বিরক্তিতে আপনার মাথা ব্যথা করবে। আমার ৯০ ভাগ পোস্টই পাবলিক করা- সবাই দেখতে পারে।’

তিনি আরও বলেন, ‘‘ইনবক্সে ‘শাওন’ হয়ে কারও কাছে টাকা ধার চেয়েও লাভ নেই- কেউ দেবে না! (কারণ সবার ধারণা অনুযায়ী আমার বিছানার তোশক ভর্তি টাকা!) আমার অ্যাকাউন্টটিতে আমার বেশ কিছু পারিবারিক ছবি ও গল্প আছে যা সবার কাছে দৃশ্যমান। এই দুর্লভ মুহূর্তগুলো আমার খুব প্রিয়। আপনাকে করজোড়ে আবেদন করছি- দয়া করে আপনার মূল্যবান সময় আমার পেছনে নষ্ট করবেন না।’

তিনি সবশেষে বলেন, ‘গত ৫/৬ দিন ধরেই হ্যাকার মহাশয়ের চেষ্টা চলছিল। তড়িঘড়ি করে ফেসবুক বাঁচাতে পারলেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বাঁচাতে পারলাম না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত