ইতালিয়ান ওপেনে সোমবার প্রথম রাউন্ডে জয় পেয়েছেন দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। সেরেনা ৬-৪, ৬-২ গেমে হারিয়েছে রেবেকা প্যাটারসনকে। দ্বিতীয় রাউন্ডে আজ সেরেনা মুখোমুখি হবেন ভেনাসের। ইতালিয়ান ওপেন খেলা হয় ক্লে-কোর্টে। সবশেষ ক্লে-কোর্টে দুই বোনের দেখা হয়েছিল ২০০২ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। জিতেছিলেন সেরেনা। সেই হিসেবে ইউরোপের ক্লে-কোর্টে ১৭ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
এর আগে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ১৯৯৮ সালে সবশেষ মুখোমুখি হয়েছিলেন সেরেনা ও ভেনাস। সেই দেখায় জিতেছিলেন বড় বোন। সে স্মৃতি আলাদা করে মনে নেই সেরেনার, ‘আমরা একে অন্যের সঙ্গে অনেক খেলেছি। এখন প্রায় প্রতিটি টুর্নামেন্টে আমরা প্রথমদিকেই মুখোমুখি হচ্ছি। এখন এমনটাই হয়।’
টেনিস ক্যারিয়ারে দুই বোনের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সেরেনা। ৩০ বারের দেখায় ছোট বোন জিতেছেন ১৮ ম্যাচ। ভেনাস ১২টিতে। ভেনাস বলেন, ‘আমি জানি সে (সেরেনা) অনেক ভালো খেলবে এবং ম্যাচে প্রতিযোগিতা হবে।’=
মিয়ামি ওপেন থেকে বাঁ হাঁটুর ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা। রোম ওপেন দিয়ে আবারও কোর্টে ফিরেছেন। এর আগে ২০১৬ সালে সবশেষ ইতালিয়ান ওপেন খেলেছিলেন তিনি। সেবার জিতেছিলেন শিরোপা। এখন পর্যন্ত মোট চারটি ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন সেরেনা। আর ভেনাস ইতালিয়ান জিতেছিলেন একবারই, ১৯৯৯ সালে।
