হত্যার হুমকির তিন দিন পর কবি হেনরী স্বপন গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০১৯, ০২:০৪ এএম

প্রাণনাশের হুমকি পাওয়ার তিন দিন পর কবি হেনরী স্বপনকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লাকা বালিয়েজ গোমেজের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ১১ মে হেনরী স্বপনকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। কবি হেনরী স্বপন মাসিক ইতিবৃত্ত পত্রিকার সম্পাদক এবং একজন মুক্তমনা লেখক হিসেবে কবিতা ও মন্তব্য প্রতিবেদন লেখেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লাকা বালিয়েজ গোমেজ কবি হেনরী স্বপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে দুপুর সোয়া ২টায় গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে স্বপনকে।’

গ্রেপ্তার হওয়ার আগে গত সোমবার হেনরী স্বপন জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার পর গোটা দেশ যখন শোকে বিহ্বল, তখন বরিশাল চার্চের এক ফাদার আনন্দ অনুষ্ঠান করছিলেন। এ বিষয় নিয়ে তিনি গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘রোম যখন পুড়ছে বিশপ সুব্রত তখন বাঁশি বাজাচ্ছে’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এ ছাড়া একই শিরোনামে স্থানীয় একটি আঞ্চলিক দৈনিকে মন্তব্য প্রতিবেদন লেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত