বাংলাদেশ একাদশে আসছে তিন পরিবর্তন!

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:৪৭ এএম

আগেই নিশ্চিত হয়ে গেছে ফাইনাল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতায়। লড়াইটি দিয়ে বিশ্বকাপের আগে দলের রিজার্ভ খেলোয়াড়দের এক্সপেরিমেন্ট চালাতে পারে বাংলাদেশ। পাওয়া যাচ্ছে তেমন আভাসই। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের একাদশে আসতে পারে তিন পরিবর্তন।

একাদশে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস ও রুবেল হোসেন। বিশ্রামে যাবেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। এর মাধ্যমে বিশ্বকাপ দলে থাকা সব ক্রিকেটারকেই একবার করে পরখ করার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ঠিক এমনটা হলে ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দলে নেয়া চার ক্রিকেটারের কেউ সুযোগ পাচ্ছেন না নিজেদেরকে প্রমাণের। তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম হাসান ও ইয়াসির আলীর সময় কাটবে সাইড বেঞ্চেই। তবে মাশরাফী বিন মোর্ত্তজা না খেললে তাসকিন আহমেদ সুযোগ পেতে পারেন। বাংলাদেশ অধিনায়ক হালকা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে সিনিয়র ক্রিকেটারদের অন্যরা থাকবেন একাদশেই। কেননা প্রথম দুই ম্যাচে খুব বেশি খেলা হয়নি তাদের। ফলে ইয়াসির-ফরহাদ রেজাদের সুযোগ মিলছে না।

দুই ম্যাচের দুটিতেই ফিফটি পাওয়া সৌম্য বিশ্রামে যাচ্ছেন বলে খেলবেন লিটন দাস। মিরাজের জায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর মুস্তাফিজের বদলে একাদশে আসবেন রুবেল। সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে এখন খেলার জন্য ফিট রুবেল। আরেকটি সুযোগ পাচ্ছেন আবু জায়েদ রাহী। গত ম্যাচে অভিষেকে বল হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এই তরুণ পেসার।

ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজে দল দুটির মধ্যকার প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফীবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত