দীর্ঘ ১৭ বছর পর ক্লে কোর্টে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে দুই বোনের লড়াইটি আর হলো না। হাঁটুতে চোটের কারণে প্রতিযোগিতাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। না খেলেই পরের রাউন্ডে উঠেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস।
প্রতিযোগিতাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা জানান, চোট থেকে সেড়ে উঠার দিকে এখন নজর দিতে চান। ফরাসি ওপেনের আগে ফিরে পেতে চান ফিটনেস।
“ফরাসি ওপেনে আপনাদের সবাইকে দেখার জন্য আমি মুখিয়ে আছি। রোমে দেখা হবে আগামী বছর।” এর আগে চোটের কারণে চলতি বছর মিয়ামি ওপেন থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা।
রোম ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাবেক র্যাঙ্কিং শীর্ষ তারকা ডেনমার্কের কারোলিন ওজনিয়াকিও।
২৬ মে শুরু হবে ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন। তাতে চতুর্থ শিরোপার জন্য লড়বেন সেরেনা।
