বেনাপোলে পরকীয়ার জেরে বিদেশফেরত স্বামীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে নিজ বাড়ির শোয়ার ঘরে স্ত্রী আয়েশা তার স্বামীকে কথিত প্রেমিক ও বাবা-মায়ের সহযোগিতায় হত্যা করে বলে দাবি নিহতের পরিবারের।
এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার মা-বাবাকে আটক করেছে পুলিশ। নিহত জামাল হোসেন (৩৬) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হবিবর রহমানের ছেলে।
আটকেরা হলেন- নিহত জামালের স্ত্রী আয়েশা খাতুন, শ্বশুর রিয়াজুল ইসলাম টুক ও শাশুড়ি ফুলবুড়ি।
নিহতের বাবা হবিবার রহমান অভিযোগ করেন, “তার ছেলে প্রায় ১৫ বছর ধরে মালয়েশিয়ায় থাকে। একই গ্রামের রিয়াজুলের মেয়ে আয়েশার সঙ্গে তার প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। এই ১৫ বছরে তার ছেলে মালয়েশিয়া থেকে মাত্র ৩বার বাড়ি এসেছে। তার বাড়ি না থাকার সুযোগে স্ত্রী আয়েশা এলাকার বিভিন্ন ছেলের সঙ্গে প্রেম করত।”
হবিবার রহমান বলেন, “ আয়েশা প্রায় কারো না কারো সঙ্গে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে দুই-তিন দিন পর বাড়ি ফিরত। ছেলে আলাদা করে বাড়ি বানিয়েছে, সেই বাড়িতেই আয়েশা ও তার মা-বাবা বাস করত।
তার ছেলে মঙ্গলবার বেলা ২টার দিকে মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। আর রাত ৩টায় তার বুকে, পেটে ছুরিকাঘাতে হত্যা করে তার স্ত্রী ও সহযোগীরা।”
স্থানীয়রা জানায়, স্বামী বিদেশ থাকার সুযোগে আয়েশা একাধিক লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এলাকায়। কেউ তাকে ফোন করে ডাকলে তিনি মোটরসাইকেল ভাড়া ঘরে দুই তিনদিন একাধারে হারিয়ে যেতেন।”
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, “হত্যার তদন্তের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তদন্ত না করে কিছু বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
