বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বাংলা ভাষার ওপরই আক্রমণ: মহেশ ভাট

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:০৭ পিএম

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির সভাপতি অমিত শাহর রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে হামলা ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় ভারত। বলিউডেও এ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবারের ঘটনা নিয়ে মুখ খুলছেন বলিউড পরিচালক মহেশ ভাট। বিদ্যাসাগরে হামলাকে তিনি বাংলা ভাষার ওপর আঘাত বলে উল্লেখ করেছেন।

এক টুইটার বার্তায় তিনি বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা বাংলা ভাষার ওপর আক্রমণ। বর্ণপরিচয়ের মাধ্যমে বিদ্যাসাগরই প্রথম বাংলাভাষাকে আরও সহজ করে তুলেছিলেন।'

এদিকে এই মহামনীষীর মূর্তি ভাঙার ঘটনায় নিন্দা চলছে বিভিন্ন মহল। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে পুরো ঘটনার তদন্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। কোনো রাজনৈতিক দলের এ রকম হাঙ্গামা কখনো দেখিনি। বিহার-রাজস্থান থেকে গুন্ডা এনে এই ঘটনা ঘটানো হয়েছে।”

নিন্দার ভাষা নেই জানিয়ে তিনি বলেন, “আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। বাংলার মানুষ হয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দিতে পারি না বিজেপির গুন্ডাদের জন্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত