নরসিংদীর নিখোঁজ শিশু রাঙ্গামাটিতে উদ্ধার

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:০৮ এএম

নরসিংদীর রায়পুরা থেকে নিখোঁজ শিশু ফজর রহমান সাব্বিরকে (১৩) আট মাস পর রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে রাঙ্গামাটির বরকলে জোরপূর্বক মাছ ধরার কাজে নিয়োজিত করার আট মাস পর উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটি থেকে খোকন আলী (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খোকন রাঙ্গামাটির বরকলের কুরকটিছড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আট মাস আগে রায়পুরার নলবাটা গ্রামের স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ফজর রহমান সাব্বিরকে প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে যায় পাচারকারী দলের এক সদস্য। ট্রেনযোগে চট্টগ্রামে নেওয়ার পর সেখানে সাব্বিরকে নাজিম নামে একজনের কাছে হস্তান্তর করে। একাধিকবার সাব্বির সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে খোকন তাকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রেখে অন্যদের সঙ্গে মাছ ধরার কাজে বাধ্য করে।

এক মাস পর সাব্বির কৌশলে খোকন আলীর মোবাইল ফোন দিয়ে তার মা বিলকিস বেগমকে ঘটনার বিবরণ  দেয়। পরে ওই নম্বরে ফোন দিয়ে ছেলের খোঁজ জানতে চাইলে বিলকিস বেগমকে জানানো হয় সাব্বিরকে সে টাকার বিনিময়ে কিনে নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া যাবে না। এ ঘটনায় বিলকিস বেগম নরসিংদীর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানালে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে উদ্ধার ও খোকন আলীকে গ্রেপ্তার করে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত