টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:১১ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি সিরাজ মিয়া (৪০) নিহত হয়েছেন। পুলিশ বলছে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বেড়িবাঁধের ৪নং স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্যমতে, মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশের গোপন সংবাদে টেকনাফ পুলিশ ও টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্য যৌথভাবে অভিযান চালায়। এ সময় সাবরাং বেড়িবাঁধের নাফ নদীর ৪নং স্লুইচ গেইট এলাকায় পৌঁছলে মিয়ানমার থেকে চালান নিয়ে আসা একদল ইয়াবা কারবারি যৌথবাহিনীর ওপর হামলা চালায়। পুলিশ-বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নৌকা নিয়ে অন্য পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় শনাক্ত করেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ৫০ হাজার ইয়াবা ও দুটি দেশি বন্দুক উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত