কপিল দেবের ৩৬ বছর আগের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের ইমাম

আপডেট : ১৬ মে ২০১৯, ১১:৩০ এএম

ইংল্যান্ডের মাটিতে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান কপিল দেবের গড়া ৩৬ বছর আগের এক রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হক। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দেড়শো রানের ইনিংস খেলার রেকর্ডটি এতদিন কপিলের অধীনে ছিল। ১৯৮৩ সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক কপিল দেব। তখন কপিল দেবের বয়স ছিল ২৪ বছর। ওয়ানডে ক্যারিয়ারে ওটাই কপিলের সর্বোচ্চ ইনিংস।

সেই রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল-হক। ২৩ বছর বয়সে ইংল্যান্ডের মাঠে ১৫০ রানের ইনিংস খেললেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় মঙ্গলবার ১৩১ বলে ১৫১ রান করেন ইমাম-উল-হক। তার ইনিংসটি ১৬ চার ও একটি ছক্কায় সাজানো। ইমামের রেকর্ড গড়া ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৮ রানের পাহাড় গড়ে পাকিস্তান। তাতে লাভ হয়নি। ৬ উইকেটে হার নিয়ে মাঠ ছাড়ে সরফরাজ আহমেদের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত