অবশেষে বিশ্বকাপ দলে মোহাম্মদ আমির!

আপডেট : ১৬ মে ২০১৯, ০৮:২০ পিএম

মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে খবর পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে। দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ, প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও প্রধান কোচ মিকি আর্থার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমিরের সঙ্গে কপাল খুলতে পারে হার্ড-হিটিং ব্যাটসম্যান আফিস আলিরও।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমির ও আসিফ দলে ঢুকলে কপাল পুড়বে অলরাউন্ডার ফাহিম আশরাফ ও ওপেনার আবিদ আলির।

আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড রদবদলের সুযোগ রেখেছে আইসিসি। পাকিস্তান ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে অনেক আগেই। যে স্কোয়াডে ছিলেন না আমির ও আসিফ আলি।

তবে দুজনকেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রাখা হয়েছিল। যেখানে সামর্থ্যের প্রমাণ দিতে পারলে বিশ্বকাপের দুয়ার খুলত। আফিস আলি এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলে দুটিতে ফিফটি করেছেন। যা মুগ্ধ করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে।

মোহাম্মদ আমিরকে অবশ্য হতভাগাই বলতে হবে এই জায়গাটায়। জলবসন্তে আক্রান্ত হয়ে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। তার বিশ্বকাপ স্বপ্নেরও তাই শেষ দেখে ফেলেছিলেন সবাই।

অসুস্থতার কারণে এখন দলের সঙ্গে নেই আমির। তবে ইংল্যান্ডেই পরিবারকে নিয়ে আছেন। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের শিরোপা জয়ে তার ছিল বড় ভূমিকা।

তবে চ্যাম্পিয়নস ট্রফির পর ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ৫ উইকেট নিতে পেরেছিলেন আমির। তাই বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখেনি পাকিস্তান। যদিও আমিরের না থাকায় অবাক হয়েছিলেন অনেক ক্রিকেট বোদ্ধা। শেষ পর্যন্ত কি তবে আমিরের কপাল খুলছে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত