পাটকল শ্রমিকদের বকেয়া ঈদের আগেই পরিশোধের তাগিদ

আপডেট : ১৭ মে ২০১৯, ০২:২৫ এএম

আগামী ঈদুল ফিতরের আগেই পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের তাগিদ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও বলেছে কমিটি। অবশ্য বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।

কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ইসরাফিল আলম, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, খাদিজাতুল আনোয়ার ও তামান্না নুসরাত (বুবলী)।

বৈঠক শেষে মির্জা আজম সাংবাদিকদের বলেন, ‘দ্রুত পাওনা পরিশোধ করতে বলেছি। একই সঙ্গে কোনো ভুয়া শ্রমিক যেন বেতন নিতে না পারে, সেজন্য ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধের জন্য বলা হয়েছে।’ কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ‘ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে বলেছি।’ প্রসঙ্গত, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম  ও খুলনা অঞ্চলে ২৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। এতে প্রায় ৮০ হাজার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় ৯ দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছেন শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত