প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেইসবুকে প্রচার করার অভিযোগে জেলার সাটুরিয়া উপজেলায় আনোয়ার হোসেন (৪২) নামে এক পিকআপ ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের বাসিন্দা।
সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মার মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। জুম্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করায় আনোয়ারকে আসামি করে তিনি মামলা করেছেন। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেইসবুকে প্রচার করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাটুরিয়া থানায় তার নামে মামলা করা হয়েছে।
