রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিহাব নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছে তার মা ও নানিসহ চারজন। ডায়রিয়ার কারণে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্বজনরা।
নিহতের মামা সুমন জানান, সিহাবের বাবা রাসেল মিয়া ও মা শারমিন আক্তার নারায়ণগঞ্জ পাগলা বউবাজার এলাকায় থাকেন। সিহাবের পাতলা পায়খানা হওয়ায় চিকিৎসার জন্য তাকে নিয়ে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ নানির বাসায় যান। ভোরে শারমিন মা মলি বেগম (৫০) ও ভাই আল আমিনকে (২৫) সঙ্গে নিয়ে সিএনজিতে করে মহাখালী কলেরা হাসপাতালে যাচ্ছিলেন। দুর্ঘটনায় এই তিনজনসহ চালক শাহাদত (৩০) আহত হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হান্নান মিয়া জানান, সিএনজিটি মগবাজার ফ্লাইওভার থেকে সাতরাস্তায় নামার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশু সিহাবসহ পাঁচজন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু সিহাবকে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাহাদত ও মলির অবস্থা গুরুতর। খুলনার আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল শুক্রবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানার বড়াইতলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক মাজহারুল ইসলাম ও তার ভাতিজা ফাহিম নিহত হন। তাদের বাড়ি দৌলতপুর মহসিন মোড়ে। ওসি বলেন, জুমার নামাজ শেষে মাজহারুল তার ভাতিজা ফাহিম ও শাহীনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে একটি প্রাইকেট কার তাদের ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মাজাহারুল মারা যান। গুরুতর আহত ফাহিম ও শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফাহিম মারা যায়। ফাহিম ও শাহীন ফুলবাড়ীগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
এদিকে হবিগঞ্জে ধর্মীয় উৎসব শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে জয়দেব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে সদর উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনটি তৈরিতে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ব্যবহার করা হয়েছে।
