ঈদ ও বিশ্বকাপ ঘিরে নতুন গান

আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:২৯ পিএম

সিডি কিনে এখন আর কেউ গান শুনতে চান না। সংগীতাঙ্গন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে অনলাইনের ওপর। ইউটিউবেই বেশিরভাগ গান প্রকাশ হচ্ছে। শিল্পীরা তাই গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ঈদুল ফিতর ও বিশ্বকাপ ক্রিকেট একসঙ্গে আসায় এবারের গানের ভুবন বেশ জমজমাট। এরই মধ্যে কিছু গান প্রকাশ হয়েছে। কিছু গান শিগগিরই প্রকাশ হবে।

এ সময়ে গানের জগতের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত জুটি ইমরান ও কনা সম্প্রতি একটি গান গেয়েছেন। প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন এই জুটি। ‘কথা দিলাম’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে মাবরুর রশীদ বান্নাহর ঈদের বিশেষ নাটক ‘আঙুলে আঙুলে’তে। মোশনরক এন্টারটেইনমেন্ট প্রডাকশনের এই নাটকটি দেখা যাবে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে। ইমরান-কনার গানে অভিনয় করবেন অভিনয় জগতের আরেক জনপ্রিয় জুটি তাহসান খান এবং নুসরাত ইমরোজ তিশা। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর ও সংগীতায়োজনে আহমেদ হুমায়ুন। ইমরান বলেন, ‘অডিও-সিনেমায় অনেক ডুয়েট গান করলেও এবারই প্রথম আমি আর কনা আপু নাটকের গান করলাম। জোশ একটা গান। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন এই গানের মাধ্যমে। আর কনা আপুর কথা কী বলব, আমি তার কণ্ঠের প্রেমে পড়ে আছি অনেক আগে থেকেই। এই গানটি ছাড়াও আমার একাধিক গান আসবে ঈদ উপলক্ষে।’

প্রচণ্ড গরমে বৃষ্টির গান নিয়ে হাজির লিজা

আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা জ্যৈষ্ঠের প্রচ- গরমে বৃষ্টির গান নিয়ে হাজির হয়েছেন। ‘এক বৃষ্টিতে’ শিরোনামের এ গানের কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে গানটি ভিডিটির দৃশ্যধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার লিজা তার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটির ভিডিও। অনেকেই বেশ প্রশংসা করেছেন। লিজা বলেন, ‘এক যুগের সংগীত ক্যারিয়ারে এই প্রথম বৃষ্টি নিয়ে কোনো গান গাইলাম। গানের কথায় ছবির মতো করে বৃষ্টিমুখর দিনের দৃশ্যপট তুলে ধরেছেন অটমনাল মুন। শুধু গানের কথা নয়, তার সুর ও সংগীতায়োজনে শ্রোতা ভিন্নতা খুঁজে পাবেন।’ শিগগিরই আরও কিছু গানের ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরিকল্পনা আছে বলেও লিজা জানান।

জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রুমানা রশীদ ঈশিতা দীর্ঘদিন পর নতুন গান গাইলেন। এ গানের নাম ‘আমার অভিমান’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান এবং সংগীত আয়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ঈদে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে গানটি। ঈশিতা বলেন, ‘সারা বছর তো গান করা হয় না। ঈদের জন্য গানটি করলাম। গানের কথা ও সুর দারুণ লেগেছে। শ্রোতাদের ভালো লাগবে আশা করি। গানটির মিউজিক ভিডিও শেষ করে ঈদে প্রকাশ করা হবে।’

ঈদের পরেই মুক্তি পাবে নীরব ও সোহানা সাবা অভিনীত ‘আব্বাস ওটু’ সিনেমাটি। এর আগে এই সিনেমার একটি গানও গাইলেন নায়িকা সাবা। গানটিতে এই অভিনেত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এ সময়কার জনপ্রিয় গায়ক ইমরান। সাবা ও ইমরানের কণ্ঠে গাওয়া ‘আমার কি কেউ আছে, থাকবে আশেপাশে’ এমন কথায় গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন আহমেদ হুমায়ূন। গীতিকার মাহমুদ মানজুর বলেন, এটি পুরোপুরি রোমান্টিক গান। গানটি ঈদের আগে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

শুধু তরুণ শিল্পীরাই নয়, অভিজ্ঞ শিল্পীরাও ঈদে তাদের ভক্তদের মাতাবেন নতুন গানে। তারমধ্যে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হবেন ফোক গানের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরনো বিতর্ক উসকে দেবেন কাঙালিনী সুফিয়া। ‘প্রেমিক বাঙাল’ নামের বিশেষ এই গানটিতে তার সঙ্গী হয়েছেন এ প্রজন্মের কনা ও মার্সেল। সিএমভি’র প্রযোজনায় ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হবে ‘প্রেমিক বাঙাল’-এর মিউজিক ভিডিও। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতেও থাকছে চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। এতে বিশেষ লুক নিয়ে হাজির হচ্ছেন মডেল কাঙ্গালিনী! ভিডিওতে চমক হয়ে আরও থাকছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।

ভিন্নধর্মী গায়কির জন্য সুপরিচিত শিল্পী পিন্টু ঘোষ। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্র্ঘ্য সিনেমা ‘২২ শে এপ্রিল’-এর একটি গান গেয়েছেন তিনি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যরে থিম সং’টিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ। ‘আমি কোন পাথরে বাঁধবো আমার বুক, আমার বুকে মোচড় দিয়ে ওঠে তোমার মুখ’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। রাজন সাহার সুর-সংগীতে ১৪ মে গানটিতে কণ্ঠ দেন পিন্টু। অপূর্ব, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, নাবিলা, ইরেশ যাকের, মনোজ কুমার, আফরান নিশো, শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে ‘২২ শে এপ্রিল’ এনটিভিতে প্রচার হবে ঈদ আয়োজনে।

ঈদের গানের পাশাপাশি আসবে বেশকিছু ক্রিকেটের গানও। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তৈরি তেমনি একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী প্রতীক হাসান। ‘বাংলার দামাল ওরা’ শিরোনামের গানটি লিখেছেন এ আর রাজ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। রাজের পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন সোহাগ, আনোয়ার, অপূর্ব শেখ, ফরিদ আহমেদ প্রমুখ। নগরীর বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সম্প্রতি মিডিয়া ভয়েসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত