প্রথমবার কলকাতার সিনেমায় কাজ করলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ঈদে প্রকাশিত হবে তার অভিনীত ওয়েব সিরিজ। সম্প্রতি তিনি নতুন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
প্রথমবার কলকাতার সিনেমায়...
কলকাতার নির্মাতা রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত আমার এই সিনেমার নাম ‘শিবরাত্রি’। গেল মাসে টানা শ্যুটিং করে দেশে ফিরেছি। ঝালদা, পুরুলিয়া অঞ্চলে একেবারে লোকালয়ের বাইরে গিয়ে শ্যুটিং করেছি। সেখানে সভ্যতার ছোঁয়া এখনো লাগেনি। মানুষের জীবনযাত্রার মানে আধুনিকতা নেই। শ্যুটিংয়ের ফাঁকে ওইসব মানুষের সঙ্গে মিশে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। কলকাতায় খুব আর্লি কল টাইম থাকত। ভোর ৪টায় উঠে তৈরি হতে হতো। এক ঘণ্টা জার্নি করে শ্যুটিং স্পটে যেতাম। কলকাতার ইন্ডাস্ট্রির টেকনিক্যালি অনেক এগিয়েছে, এটা তাদের সিনেমায় কাজ করে আমার মনে হয়েছে। যেমনÑ আমার ফিল্ম ক্যারিয়ারে এই প্রথম লাইভ সাউন্ডে কাজ করলাম। এর আগে কখনো কাজ করিনি। আমাদের এখানে পরে ডাবিং হয়। কিন্তু আমি কাজ করেছি একটু ভিন্নভাবে। পুরো সিনেমার সাউন্ড হয়েছে লাইভ সাউন্ড। এতে আমার চরিত্রের নাম অঞ্জলি। যে কিনা একজন স্বাধীনচেতা নারী। সিনেমায় কাজের অভিজ্ঞতা আমার কাছে এক কথায় অসাধারণ। চিত্রনাট্য ও ভাবনা ধরে ধরে শ্যুটিং হয়েছে। সব মিলিয়ে সেখানে কাজের অভিজ্ঞতা মধুর।
ঈদে ওয়েব সিরিজ নিয়ে
চলচ্চিত্রের পাশাপাশি তিনটি ওয়েব সিরিজে কাজ করেছি। ওয়েব সিরিজের কাজের টেস্ট পুরোপুরি সিনেমার মতো। আমাদের দেশের এই মাধ্যমটি জনপ্রিয়তার জায়গাটা এখনো কম। রাজধানী বা কয়েকটি শহরে এর দর্শক তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে দর্শক বাড়ছে। বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান ওয়েব সিরিজ নির্মাণ বাড়াচ্ছে। সিনেস্পটের ব্যানারে আমি তিনটি ওয়েব সিরিজে কাজ করেছি। অনন্য মামুন পরিচালিত পার্টনার, ধোঁকা এবং সৈকত নাসির পরিচালিত ট্র্যাপ। তিনটিতেই কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। ঈদের সময় সিনেস্পটের ব্যানারে যেকোনো একটি ওয়েব সিরিজ প্রকাশ হবে, তখন দর্শক দেখতে বুঝতে পারবেন।
বড় পর্দায় দীর্ঘদিনের বিরতি
একটার পর একটা সিনেমায় নিয়মিত কাজ করছি। শ্যুটিং হচ্ছে, শেষ হচ্ছে। কিন্তু সিনেমাগুলো মুক্তি কেন পাচ্ছে না, বুঝতে পারছি না। পরিচালক, প্রযোজক, শিল্পী প্রত্যেকেই নিজেদের সিনেমা ধারণ করেন। সুযোগ-সুবিধার জায়গা থেকে নির্মাণের সঙ্গে জড়িতরা ঠিক করেন, কোন সময় সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে। এর মধ্যে আমি কয়েকটি সিনেমা শেষ করেছি। আসলেই জানি না মুক্তির তারিখ কবে! এটা নেতিবাচক অ্যাপ্রোচ। তবে হ্যাঁ, এ বছর কয়েকটি সিনেমাতে আমার আসতেই হবে। নো ওয়ে!
নতুন কাজের খবর
কলকাতার আরও সিনেমায় কাজের কথা আগাচ্ছে। ব্যাটে-বলে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে ক্রিকেট তারকা তামিম ইকবালের সঙ্গে হালট্রিপ.কম নামের একটি ট্যুর এজেন্সির টিভিসি করেছি।
