নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সজীব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার সহযোগী মামুনকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত সজিবের নাম ঠিকানা জানা যায়নি। আহত মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই মামুন মিয়া দেশ রূপান্তরকে জানান, ভোর ৬টায় এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ঈদগাহের সামনে তিনজন তার গতিরোধ করে। তখন বাপ্পী পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। সজীব ও মামুনকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায় লোকজন। সকাল ১১টায় তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেন স্থানীয় কয়েকজন। দুপুরে সেখানে সজীবের মৃত্যু হয়। এস আই মামুন মিয়া বলেন, সজীব ও মামুন প্রকৃতভাবে ছিনতাইকারী কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
