ভোটের ভেতর ভারতের নির্বাচন কমিশনে আগে কোনোদিন যা হয়নি, এবার তাই হচ্ছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। ঘোষণা দিয়েছেন সামনের কোনো সভায় যোগ দেবেন না।
এমন ঘটনাকে ভারতীয় গণমাধ্যম নজিরবিহীন বলেছে। পরিস্থিতি সামাল দিতে বিবৃতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
আরোরা বলেছেন, ‘নির্বাচন কমিশনে মতপার্থক্য স্বাভাবিক। এর আগেও তা ঘটেছে। তবে সেই মতপার্থক্যের তথ্য সব সময় কমিশনের অফিসের ভেতরে থেকেছে। আমি ব্যক্তিগত প্রকাশ্যে আলোচনার পক্ষে তবে সব কিছুরই সময় থাকে।’
নির্বাচনী বিধিভঙ্গের ছয়টি অভিযোগ উঠেছে মোদির বিরুদ্ধে। তবে একটিতেও তাকে দোষী ঘোষণা করেনি কমিশন।
বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধেও। তাকেও কিছু বলা হয়নি।
অভিযোগ, প্রধানমন্ত্রীকে ছাড়পত্র দেওয়া নিয়ে কমিশনের বৈঠকে লাভাসার আপত্তি আমলে নেয়া হয়নি। কমিশনের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচনী বিধি সংক্রান্ত পরবর্তী বৈঠকে অংশ নেননি লাভাসা। যদিও পরবর্তীতে আলাদা করে লাভাসার সঙ্গে বৈঠক করেছিলেন সুনীল আরোরা।
