কিশোরগঞ্জে হাতকড়াসহ মুর্শিদ (৩৫) নামে মাদক মামলার এক আসামির আদালত থেকে পলায়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভৈরব থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুর্শিদ জেলার ভৈরব উপজেলার মুনিয়াকান্দি গজারিয়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে ভৈরব থানার একটি মাদক মামলার আসামি মুর্শেদকে অন্য আরও চার আসামিসহ কিশোরগঞ্জ আদালতে আনা হয়। এ সময় পুলিশভ্যান থেকে নামিয়ে আসামিদের দোতলায় জিআরও কার্যালয়ে নেওয়ার সময় আসামি মুর্শেদ কৌশলে পালিয়ে যান।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ও দায়িত্বে অবহেলার কারণে মুর্শেদকে নিয়ে আসা ভৈরব থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন নাজিম উদ্দিন, ফয়সাল আহমেদ, মোমতাজ, শাহজাহান ও জয়নাল।
