সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে ফেইসবুকে ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে উসকানিমূলক মন্তব্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জড়িয়ে মিথ্যাচার করার অভিযোগ এনে প্রতিবাদে ফরিদপুর সদরে সমাবেশ হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ হয়। এতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, ‘প্রবীর সিকদার ফরিদপুরের সাধারণ হিন্দু সমাজকে আজ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি ফরিদপুরে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। কেউ তার কর্মকাণ্ডে সংক্ষুব্ধ হয়ে আইনগত প্রতিকার চাইলে ফরিদপুর বারের আইনজীবীরা বিনামূল্যে তাকে আইনগত সহায়তা দেবেন।’
