অগ্রাধিকারভিত্তিক পাঁচটি প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় কয়েকটি নির্বাচনী এলাকায় পরিকল্পিত উন্নয়ন প্রকল্প প্রণয়নের বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত এডিপিতে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন : সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনাকে ভূমি ব্যবহারের মাধ্যমে সম্পৃক্তকরণ’, ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ এবং ‘প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর কুষ্টিয়া সদর উপজেলা’ শীর্ষক প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।
