মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ২১ মে ২০১৯, ০৪:২০ এএম

মাদারীপুরে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার পর কক্ষের ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে শহরের টিবি ক্লিনিক সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই স্কুলছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মাদারীপুর সদর থানায় কর্মরত ওই কনস্টেবল মোক্তার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন থেকে শহরের টিবি ক্লিনিক সড়কে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। কয়েক দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়ি চলে যান। এই সুযোগে রবিবার রাতে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে জরুরি কাজের কথা বলে ঘরে ডেকে নেন মোক্তার। পরে দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন মোক্তার ওই স্কুলছাত্রীকে ঘরের পেছনের ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেন। এতে ওই ছাত্রীর পা ভেঙে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার খবর জানাজানি হওয়ার পর কনস্টেবল মোক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পরপরই মাদারীপুর সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি বদরুল আলম মোল্লাকে প্রধান করে দুই সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে। এ ছাড়া অভিযুক্ত মোক্তারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত