এক কোটি পাটের বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়

আপডেট : ২২ মে ২০১৯, ১১:৩৯ পিএম

আর্থিক সংকটে যখন শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছে না, তখন বড় একটা সুখবর পেল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। এ সংস্থাটির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতার এক কোটি হেসিয়ান বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়। এতে খাদ্য মন্ত্রণালয়ের খরচ হবে ৫৪ কোটি টাকা, যা বিজেএমসির আর্থিক সংকট কিছুটা হলেও কমাবে।

গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ক্রয়প্রস্তাব অনুমোদন করেছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, খাদ্য অধিদপ্তরের জন্য বিজেএমসির কাছ থেকে ৩০ কেজি ধারণক্ষমতার এক কোটি হেসিয়ান বস্তা কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪ কোটি টাকা।

বিভিন্ন কারণে বিজেএমসির পাটকলগুলো অধিকাংশ সময় বন্ধ থাকা সত্ত্বেও এত বেশি পাটের বস্তা উৎপাদন ও সবরাহের সক্ষমতা কলগুলোর আছে কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, পাটকলগুলোতে ৪৪ হাজার কর্মী রয়েছেন। এখনো তাদের বেতন দেওয়া হচ্ছে। তাই আমি আশা করি, অবশ্যই এ পরিমাণ বস্তা উৎপাদন করতে পারবে বিজেএমসি।

তিনি বলেন, বস্তা কেনার পাশাপাশি পাবনা জেলার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেয়াওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এটি বাস্তবায়ন করবে মোস্তফা মোটর লিমিটেড ও সোলার ল্যান্ড ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৮ দশমিক ৫৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত