গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর ইসলামপুর শরীফ মার্কেটের পাশের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেনেসা এ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০) এবং তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলম পটুয়াখালীর বাউফল থানার রহিম মৃধার ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি একেএম কাউসার চৌধুরী দেশ রূপান্তরকে জানান, স্বামী-স্ত্রী পোশাক কারখানায় কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। পরে ঘরের ভেতর সিলিন্ডারের গ্যাসের চুলায় রান্না শুরু করেন মনিরা বেগম। একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা চারজন দগ্ধ ও শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়। আগুনে টিনশেড ঘর এবং ঘরের সব মালামাল পুড়ে গেছে।’
আগুন ওই ঘরের বাইরে ছড়াতে না পারায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান এই ফায়ার কর্মকর্তা।
