কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ‘দুর্যোগ পরবর্তী করণীয় মহড়া কার্যক্রম’ পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহড়াটি পরিদর্শন করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার আবুল কালামসহ সামরিক এবং পুলিশের কর্মকর্তারা। মহড়ায় ছয় শতাধিক সেনা সদস্য, তিন শতাধিক বিভিন্ন সংস্থার কর্মী, একটি হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অংশ নেয়।
প্রতিমন্ত্রী ডা. এনামুর এ সময় বলেন, রোহিঙ্গারা যে পরিমাণ সহযোগিতা পাচ্ছে, স্থানীয়রাও সে পরিমাণ সহযোগিতা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয়দের বিষয়ে অবগত আছেন।
