‘নিখোঁজের’ চার মাস পর ফিরলেন যুবলীগ নেতা মিলন

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:২৬ এএম

‘নিখোঁজের’ প্রায় চার মাস পর বাড়ি ফিরেছেন নাটোর জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন। মিলনের বাবা স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মিলন অটোরিকশায় করে বাড়ির পাশের তালতলা হাফরাস্তা মোড়ে এসে নামে। খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ছুটে যান। পরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তালতলা নিজ অফিসে বসে মিলন। এ সময় এলাকার হাজার হাজার মানুষ তাকে দেখতে ভিড় করে। স্থানীয় আশরাফুল ইসলাম বাচ্চু জানান, তিনি খবর পেয়ে সকাল ৮টার দিকে মিলনকে দেখতে যান। এ সময় তাকে আনমনা মনে হয়েছে। তার মুখে দাঁড়ি গজিয়েছে। চুল বড় হয়েছে। এতদিন কোথায় ছিলেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যানের ভোটে দাঁড়ায়ে দিয়েছিলেন। তাই এ অবস্থা।’ এ সময় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তার মুক্তির জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিখোঁজ দিনগুলোর ব্যাপারে তিনি কিছুই জানাননি।

গত ৩১ জানুয়ারি মধ্যরাতে সদর উপজেলার চেয়ারম্যানপ্রার্থী মিলনকে তালতলা মোড়ের নিজ অফিস থেকে সাদা পোশাকের লোকজন জোর করে মাইক্রোবাসে তুলে নেয় বলে অভিযোগ করেন তার কর্মী-সমর্থকরা। পরে তার মুক্তির দাবিতে তারা টানা ১৫ দিন নাটোর-ঢাকা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। যদিও ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগ অস্বীকার করে আসছিল।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল আলম বলেন, ‘নিখোঁজের পর থেকেই আমাদের উদ্ধার অভিযান অব্যাহত ছিল। কোথা থেকে কীভাবে আজ ফিরে আসল জানা নেই। তবে আমরা খুশি হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত