সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরগুলোর অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনায় প্রশিক্ষকদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে প্রতি ঘণ্টার সেশনে যুগ্ম সচিব বা তার উপরের পদের কর্মকর্তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। প্রশিক্ষণার্থীসহ প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের ভাতাও বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরগুলো আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা ও অন্যান্য ব্যয়হার পুনর্নির্ধারণ করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকে নতুন হার কার্যকর করা হবে। এতদিন যুগ্ম সচিব বা তার চেয়ে বড় পদের কর্মকর্তাদের কেউ প্রশিক্ষক হিসেবে অংশ নিলে প্রতি ঘণ্টার সেশনে ১ হাজার ২০০ টাকা ভাতা পেতেন, এখন থেকে তারা পাবেন আড়াই হাজার টাকা। আর উপসচিব ও তার নিচের পদের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে প্রতি ঘণ্টার সেশনে এখন দু’হাজার টাকা ভাতা পাবেন, এতদিন তারা পেতেন এক হাজার টাকা।
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের দৈনিক ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। আর ১০ম গ্রেড থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কর্মকর্তারা জনপ্রতি দৈনিক ৫০০ টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন; এতদিন তারা দৈনিক পেতেন ৪০০ টাকা।
একই সঙ্গে প্রশিক্ষণে কোর্স পরিচালকের সম্মানী দৈনিক এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং কোর্স সমন্বয়কের সম্মানী দৈনিক ৮০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। সাপোর্ট স্টাফদের সম্মানী দৈনিক ৩০০ টাকার বদলে ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগ বলেছে, প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের চা-নাস্তা বাবদ প্রতিবেলা ৪০ টাকা হারে দুই বেলায় সর্বোচ্চ ৮০ টাকা খরচ করা যাবে। আর দিনব্যাপী প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের দুপুরের খাবার বাবদ জনপ্রতি দৈনিক সর্বোচ্চ খরচ করা যাবে ৫০০ টাকা।
