পিলারের উপর পদ্মা সেতুর ত্রয়োদশ স্প্যান বসানোর কাজ চলছে। ৩-বি স্প্যানটি শুক্রবার সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর বসানো হচ্ছে। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর ১ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে।
বেলা পৌনে ১২টার দিকে পিলারের কাছে এ স্প্যানটি পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' নামে ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে পিলারের উদ্দেশ্যে রওনা হয়।
এরপর বেলা পৌনে ১২টার দিকে স্প্যানটি ১৪ ও ১৫ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এখন পিলারের পিলারের ওপর বসানোর জন্য কাজ চলছে।
প্রসঙ্গত, পদ্মা সেতুতে ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হবে। এছাড়া ভায়াডাক্টের উপর ৭টি করে ১৪টি রেলওয়ে স্প্যান এবং আরো ৭টি করে ১৪টি রোডওয়ে স্প্যান বসানো হবে। এর আগে পদ্মা সেতুতে স্টিলের স্প্যান বা সুপার স্ট্রাকচার বসানো হয়েছে মোট ১২টি। আজ ত্রয়োদশ স্প্যান বসানোর কাজ চলছে।
