ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের তরকা হ্যারি কেইন দেখা করলেন বিরাট কোহলির সঙ্গে। শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে দেখা করেন টটেনহ্যামের এই তারকা ফুটবলার।
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির অনেক বড় ভক্ত কেইন। গেল ক’বছরে দুজনের মধ্যে টুইট বার্তা চলেছে অনেক। তাতে একে অপরের সঙ্গে তৈরি হয়েছে দারুণ বোঝাপড়া ও বন্ধুত্ব। তবে এই প্রথম দেখা হলো দুজনের।
কোহলির সঙ্গে দেখা করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছিলেন কেইন। কোহলির সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, ‘‘শেষ ক’বছরে কিছু টুইট বার্তার পর বিরাট কোহলির সঙ্গে দেখা হলো। মানুষ হিসেবে সে দারুণ এবং দুর্দান্ত ক্রীড়াবিদ।’’
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ম্যাচ উইনিং পারফরম্যান্সের প্রশংসা করে টুইট করেছিলেন কেইন। ২০১৬ ইউরো চলাকালে কেইনের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে টুইট করতে দেখা যায় কোহলিকে।
২০১৮ বিশ্বকাপের আগে কেইনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন কোহলি। এমনকি এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেওয়ার পরও। দুজনকেই সব সময় দেখা গেছে একে অপরের টুইটে রিটুইট করতে।
ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে শনিবার ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২৮ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ভারত।
এদিকে কেইনও বসে নেই। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। লিভারপুলের বিপক্ষে যে ম্যাচের জন্য তৈরি হতে হচ্ছে টটেনহ্যাম তারকাকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চোটে পড়ার পর মাঠের বাইরে ছিলেন কেইন। ফাইনালের আগে অবশ্য এখন পুরোপুরি ফিট তিনি।
এদিকে কোহলিও কেইনের সঙ্গে ছবি পোস্ট করেছেন টুইটারে। টটেনহ্যাম তারকাকে ফাইনালের জন্য জানিয়েছেন শুভেচ্ছা, ‘‘হ্যারি কেইন, তোমার সঙ্গে সাক্ষাৎ পর্বটা ছিল দারুণ আনন্দদায়ক। ফাইনালের জন্য শুভ কামনা।’’
