ক্রিকেট বিশ্ব দেখবে আমরা কতটা শক্তিশালী: রশিদ খান

আপডেট : ২৫ মে ২০১৯, ০১:৩০ পিএম

বিশ্বকাপের আগেই বড় হুঙ্কার দিল আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। এতে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটির তারকা অলরাউন্ডার রশিদ খান জানালেন, এবারের বিশ্বকাপে তারা খুব ভালো দল। সময় এখন বিশ্বকে দেখানোর।

শুক্রবার ব্রিস্টলে কাউন্টি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। দুই বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় গুলবাদিন নাইবের দল।

দুটি উইকেট নেওয়ার পর অপরাজিত ৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া রশিদ খান খেলা শেষে বলেন, “আমি মনে করি আমরা খুবই ভালো দল। এখন সময় বিশ্বকেও সেটা দেখানোর। এবারের বিশ্বকাপে আমাদের লক্ষ্য বড় দলগুলোকে হারানোর। এবার ক্রিকেট বিশ্ব দেখবে আমরা কতটা শক্তিশালী।”

“আমরা কেবল খাতা কলমেই শক্তিশালী নই, ময়দানের খেলাতেও যেকোন দেশকে হারানোর ক্ষমতা আমাদের আছে। আর এই বিশ্বকাপে আমরা সেটাই করে দেখাব।”

“বিশ্বকাপ মানেই বড় দলগুলোকে হারানোর সুযোগ। তাই ভালো খেলতে হবে। আমরা অতীতে এশিয়া কাপে ভালো খেলেছি। এখন আমাদের ভালো কিছু করার সময়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত