নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হরিপুরে রাস্তার পাশে পাঁচটি রেন্ট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে উপজেলার হরিপুর এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি রেন্ট্রি গাছ কেটে নিয়েছেন নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ আলী। জায়গা ও গাছের মালিকানা এলজিইডির বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা অগ্রজিত প-িত বিনয়।
মফিজ আলী গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘গাছগুলো নিজেরা লাগিয়েছি ও এগুলোর মালিকানাও আমার। গাছগুলোর জায়গার রেকর্ডমূলে সম্পত্তির মালিকও আমি।’ কলমাকান্দা উপজেলা এলজিইডি প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, ‘গাছ কাটার বিষয়টি শুনেছি। সরেজমিনে দেখার পরে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
