লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ায় টুইটারে মোদিকে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকারা। কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিও বাদ যাননি। টুইটারে শাবানা লিখেছেন, ‘এটা ভারতের জনগণের শক্তিশালী জনমত। অভিনন্দন নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।’ কিন্তু শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন ‘বিজেপিবিরোধী’ এই অভিনেত্রী। মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করার পরপরই শাবানাকে নিয়ে কটাক্ষ করা শুরু হয়। তাকে অনেকেই ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন। আর সমালোচনার কারণ হলো, তার এক মুখে দুই কথা। কিছুদিন আগেই শাবানা আজমি খবরের শিরোনামে এসেছিলেন মোদিবিরোধী কথা বলায়। শোনা গিয়েছিল শাবানা আজমি মন্তব্য করেছেন, মোদি জিতলে ভারত ছেড়ে দেবেন। শাবানা আজমি অবশ্য বিষয়টি অস্বীকার করে বলেছেন, এমন কোনো মন্তব্য তিনি করেননি। তবে নির্বাচনের আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে প্রচারণা চালিয়েছেন শাবানা আজমি। তাই হঠাৎ সুর পাল্টে মোদিকে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
×
