ডিবক্সের ভেতর থেকে নিজে দিলেন গোল। সেই গোলের পক্ষে বাঁশি বাজিয়ে আবার বহালও রাখলেন। নেদারল্যান্ডসের চতুর্থ বিভাগের একটি লিগে এমন কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দিয়েছেন রেফারি মরিস পাড়ুইস।
হার্কেমেস বয়েজ নামের একটি অ্যামেচার ফুটবল ক্লাবের বিপক্ষে এমন সিদ্ধান্ত দেন ওই রেফারি। সেই ঘটনার ভিডিও ক্লাবটি তাদের টুইটারে পোস্ট করে লিখেছে, ‘বিরল অভিজ্ঞতা।’
ভিডিওতে দেখা যাচ্ছে রেফারি পাড়ুইস বলের কাছে থাকতে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। খেলা তখন ৬৬ মিনিটে। হার্কেমেস বয়েজের এক ডিফেন্ডার গোললাইন থেকে বল ক্লিয়ার করতে শট দেন। সেটি রেফারির পায়ে লেগে জালে চলে যায়। পরিস্থিতি দেখে মনে হয়েছে, রেফারি রীতিমতো পা চালিয়েছেন।
গোলের পর খেলোয়াড়রা বাতিলের আবেদন করলেও রেফারি সাড়া দেননি। গোল বহাল রেখে খেলা চালিয়ে যান তিনি।
এই গোলটি অবশ্য ম্যাচের ফলাফল নির্ধারণে কোনো প্রভাব ফেলেনি। প্রতিপক্ষ হোয়াককে ৪-২ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় হার্কেমেস।
গুরুত্বহীন এই ম্যাচ দিন শেষে রেফারির কারণে নেদারল্যান্ডসে আলোচিত ইস্যুতে পরিণত হয়। পরদিন (রোববার) দেশটির প্রায় অধিকাংশ দৈনিকে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
