সাভারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

আপডেট : ২৮ মে ২০১৯, ০৬:২২ পিএম

সাভারে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার আব্দুল মতিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক ধর্ষকের নাম মো. মিলন (২৩)। সে কুড়িগ্রাম জেলার রাজাহাট থানার গোকলা গ্রামের  বাসির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী সোমবার সন্ধ্যায় কাতলাপুর এলাকায় খালার বাসায় বেড়াতে যায়। এ সময় বাসায় খালাতো বোনের স্বামী ঝাল মুড়ি বিক্রেতা মিলন ছাড়া অন্য কেউ ছিল না। এই সুযোগে মিলন ওই কিশোরীকে জোরপূর্বক তার কক্ষে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

এ সময় ধর্ষণের শিকার ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মিলনকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা ঘটনাটি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণকারীকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত