জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণকে এখন আর নিয়মিত রূপালি পর্দায় দেখা যায় না। তবে একেবারে ছেড়েও দেননি। ভালো কাজ পেলে হাতছাড়া করেন না তিনি। ফলে আগের মতো সিনেমায় ব্যস্ত না থাকলেও নিজের জনপ্রিয়তার এতটুকু কমতি ঘটেনি। এই চিত্রনায়িকা এখন ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ’ নিয়ে। ‘টিউলিপ ফ্যাশন’ ও ‘টিউলিপ নেইলস এন্ড স্পা’ প্রতিষ্ঠান দুটি তারই।
এদিকে অভিনয়, ব্যবসা সব সামলানোর পর নিপুণকে দেখা যায় সামাজিক কার্যক্রমেও। কুমিল্লায় নিজেদের গ্রামের বাড়িতে একটি এতিম খানা পরিচালনা করেন তিনি। সহায়তা করেন এলাকার দুস্থ মানুষদেরও।
নিপুণ বলেন, ‘আমার আব্বু আমাদের গ্রামের বাড়িতে ছোট করে একটা এতিম খানা আর মাদ্রাসা আরম্ভ করেছিলেন।আব্বু’র মৃত্যুর পর আজ ১০ বছর আমি দেখাশোনা করে আসছি। আমি রোজার ১ দিন বাড়ি যাই আর ১২০০ শাড়ি লুঙ্গি বিতরণ করি গ্রামের বাড়ির মেম্বার চেয়ারম্যানদের সাহায্যে।খুব ছোট করে আব্বু শুরু করেছিলেন। আজ অনেক ভালো একটা অবস্থানে আমি এটাকে নিয়ে গিয়েছি।’
এ বছরও এলাকার অসহায় দরিদ্র মানুষদের মাঝে বস্ত্র ও অর্থ বিতরণ করছেন বলেও জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
