ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকিরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন নয় ইউপি সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের কাছে নয় ইউপি সদস্যের স্বাক্ষর সংবলিত অনাস্থা প্রস্তাবটি জমা দেওয়া হয়।
চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিকদের মজুরির টাকা আত্মসাৎ, ধলার মোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ঘেঁষে পদ্মা নদীর তীরের মাটি কেটে ব্যাপক ক্ষতিসাধান, কাজ না করিয়ে টাকা তুলে নেওয়া, এলজিএসপি প্রকল্পের আনুমানিক ৯ লাখ টাকা তছরুপ, ভয় দেখিয়ে সদস্যদের স্বাক্ষর নেওয়া।
অনাস্থা প্রস্তাব আনা সদস্যরা হলেন মান্নান মিয়া, জামিল ম-ল, খায়রুজ্জামান, মিন্টু মিয়া, মোসলেম উদ্দিন প্রামাণিক, আবুল হাসান, আসাদুজ্জামান খান, মনোয়ারা বেগম ও হাসিনা পারভীন।
অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। তিনি পরিষদের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করেন না।
ইউএনও বলেন, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নয় ইউপি সদস্য অনাস্থা জানিয়ে তাকে চিঠি দিয়েছেন। সেটি জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে।
