মোদিকে মিষ্টি খাওয়ালেন প্রণব মুখার্জি

আপডেট : ২৯ মে ২০১৯, ০১:০৭ এএম

বিজেপির লোকসভার নেতা নরেন্দ্র মোদিকে গতকাল নিজ বাসভবনে মিষ্টি খাওয়ালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর মঙ্গলবার কংগ্রেস আমলের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদি। এ সময় মোদিকে অভিনন্দন জানিয়ে নিজ হাতে তাকে মিষ্টি খাইয়ে দেন প্রণব।

মিষ্টি খাওয়ানোর ছবি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে টুইট নজর কেড়েছিল অনেকের। প্রণব লিখেছিলেন, ‘১৩০ কোটি মানুষের আশা-আকাক্সক্ষা আপনি বহন করে চলছেন। ভগবান আপনাকে এগিয়ে চলার শক্তি দিন।’

তারপর দু’জনের ফোনেও কথা হয়েছিল। এরপর মঙ্গলবার সকালে ১০ নম্বর রাজাজি মার্গে প্রণবের সঙ্গে দেখা করতে যান মোদি। দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। নানা বিষয়ে সাবেক রাষ্ট্রপতির পরামর্শ নেন মোদি।

মোদি-প্রণবের সম্পর্ক নিয়ে ইদানীং ভারতের জাতীয় রাজনীতিতে আলোচনার শেষ নেই। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুতে থাকা দুই রাজনীতিকের মধ্যে এমন আস্থার সম্পর্ক সর্বভারতীয় স্তরে বিরল।

ভারতের এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ৩০৩টি আসন। যা ২০১৪ সালের চাইতে ২১টি বেশি। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫৪ আসন। যেখানে ২৭২ আসন পেলেই নতুন সরকার গঠন করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত