পুত্রবধূর হাতে মার খেয়ে থানায় অশ্রুসিক্ত বৃদ্ধা

আপডেট : ২৯ মে ২০১৯, ০১:৪৯ পিএম

পারিবারিক কলহে শাশুড়ির সঙ্গে পুত্রবধূর ঝামেলা লেগেই থাকত। কিন্তু তাই বলে শাশুড়িকে মারধর? শাশুড়িকে পিটিয়ে একেবারে ধরাশায়ী করে দিল পুত্রবধূ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার নাকতলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

অশ্রুসিক্ত কণ্ঠে ওই বৃদ্ধা জানান, তাকে মারধর করেছেন তারই পুত্রবধূ। এই অভিযোগ তুলে নেতাজিনগর থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

পুলিশ সূত্র জানা গেছে, কাঁদতে কাঁদতে থানায় আসেন বৃদ্ধা। বলেন, তাকে তার পুত্রবধূ মারধর করেছে। তিনি পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান। একথা শুনে নড়েচড়ে বসেন পুলিশ সদস্যরা।

জানা গেছে, নাকতলা রোডের বাসিন্দা ওই বৃদ্ধার ছেলের বিয়ের পর ধীরে ধীরে পুত্রবধূর সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে থাকে। বিভিন্ন কারণে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে গোলমাল লেগেই থাকত।

সোমবার সকাল থেকেই প্রতিবেশীরা ওই বাড়িটি থেকে ঝগড়ার আওয়াজ পাচ্ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝগড়াও বাড়তে থাকে। হঠাৎই চিৎকার করে কেঁদে ওঠেন বৃদ্ধা শাশুড়ি।

তার অভিযোগ, বউমা প্রথমে তাকে হুমকি দেন। এর পর তাকে মারতে শুরু করেন। এই অপমান তিনি মেনে নিতে পারেননি। তিনি হাসপাতালে চিকিৎসা করানোর পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

নেতাজিনগর থানা অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত