আইসিসি দ্বাদশ বিশ্বকাপের আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি।
লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। উভয় দল ফেভারিট হওয়ায় ম্যাচটি বেশ উত্তেজনা ছড়াবে বলে আশা করা হচ্ছে।
গত চার বছর ধরে দারুণ ফর্মে আছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি তাদের দখলে। এ সময়ে দুইবার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে তারা। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে করা ইংল্যান্ডের ৪৮১ রানের ইনিংসটিই এখন ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।
ওয়ানডেতে ইংল্যান্ডের এ পুনরুত্থানের মূল ভিত্তি গড়ে দিয়েছে ব্যাটসম্যানদের ধারাবাহিকতা। জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান ও জস বাটলারকে নিয়ে সাজানো ইংল্যান্ডের টপ অর্ডার এই মুহূর্তে বিশ্বের যেকোন বোলারের জন্য ত্রাস।
এদিকে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপের মঞ্চটা কোন সময়ই আশার আলো দেখাতে পারেনি। বারবার গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দ পতনে ‘চোকার’ শব্দটি লেপ্টে গেছে দলটির গায়ে। গত চারটি আসরে সেমি-ফাইনালেই থেমে গেছে প্রোটিয়াদের স্বপ্ন। এবারো দলটির লক্ষ্য থাকবে ব্যর্থতার সেই অপবাদ ঘোচানো।
উদ্বোধনী ম্যাচ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন। তার মতে, স্বাগতিক বলে ইংল্যান্ডই চাপে থাকবে।
“স্বাগতিক দল ছাড়াও ইংল্যান্ড বর্তমানে বিশ্বের এক নম্বর ওয়ানডে দল। তাদের বিপক্ষে বিশ্বকাপ শুরু করাটা দারুণ একটি বিষয়। কারণ এতে প্রমাণ হবে সত্যিকার অর্থেই আমাদের অবস্থানটা কী।”
উদ্বোধনী ম্যাচে অবশ্য পুরো শক্তির বোলিং লাইনআপ পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কাঁধের চোট কাটিয়ে উঠতে পারেননি অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। যদিও সম্প্রতি তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছে প্রোটিয়ারা। স্টেইনের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণে মূল দায়িত্ব পালন করবেন তরুণ কাগিসো রাবাদা।
ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গান (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফ্রা আর্চার ও লিয়াম প্লাঙ্কেট
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), অ্যাইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ফন দার ডুসেন, জেপি দুমিনি, অ্যান্ডিল ফেলুকাওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির
