যে হারে বিশ্বকাপের সম্ভাবনা উজ্জ্বল পাকিস্তানের!

আপডেট : ৩১ মে ২০১৯, ০৮:১১ পিএম

নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একরকম উড়ে গেছে পাকিস্তান। আগে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলরাউট হয়ে যায় সরফরাজ আহমেদের দল। ম্যাচটা ৭ উইকেটে হেরেছে তারা। উইন্ডিজ ম্যাচ নিজেদের করেছে মাত্র ১৩.৪ ওভারেই। তবে লজ্জার এই হারেও কিন্তু একটা জায়গায় প্রেরণা পেতে পারে পাকিস্তান।

অবাক লাগছে! অবাক জাগানিয়া কথাই বটে। অনেকে উপহাসও বলতে পারেন। তবে রেকর্ড বই-ই কিন্তু প্রেরণার কথা বলছে। এই আসরে নিজেদের স্বপ্ন পূরণে পাকিস্তানের সবচেয়ে বড় প্রেরণা ১৯৯২ বিশ্বকাপ। যেবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিল এবারের মতো একই ফরম্যাটে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত সেই আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। শুরুটা তাদের ছিল একেবারেই বাজে। খাদের কিনারা থেকে তারা জায়গা পায় সেমিফাইনালে। এরপর তো ইমরান খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে যায় তারা।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে নিজেদের মিশন করে শুরু। এরপর তো চ্যাম্পিয়ন হওয়া। এবারো সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচেই হারল পাকিস্তান।

সেবার পাকিস্তানের হারের ধরনও ছিল বাজে। অসহায় আত্মসমর্পণের মতো। আগে ব্যাট করে রমিজ রাজার সেঞ্চুরিতে ২ উইকেটে ২২০ রান করে পাকিস্তান। জবাবে ব্রায়ান লারার ৮৮ ও ডেসমন্ড হেইন্সের অপরাজিত ৯৩ রানে ১০ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ।

সাম্প্রতিক ফর্ম ও এদিনের হারের ধরণ আসলে পাকিস্তানের সামনে কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু দলটা ‘আনপ্রেডিক্টেবল’ বলে কথা। তাই পাকিস্তানকে নিয়ে এখনো বাজি ধরার লোকের অভাব নেই। উইন্ডিজের বিপক্ষে এই হার থেকে তো সেই সমর্থকরা প্রেরণা খুঁজতেই পারে। যে প্রেরণা তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও উজ্জ্বল করে দেয়!

উইন্ডিজের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু ছাড়াও এদিন ১৯৯২ এই আরেকটি স্মৃতি মনে করিয়েছে পাকিস্তান। সেটি ১০৫ রানে অলআউট হয়ে। যা বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

এই রেকর্ড খুঁজতে গিয়েও এসেছে ১৯৯২ বিশ্বকাপ। সেবার ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭৪ রানে অলরাউট হয়েছিল পাকিস্তান। যা বিশ্বকাপে তাদের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানের রেকর্ড।

মন্দের ভালো বলে একটা কথা আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে হারের পর পাকিস্তানের মন্দের ভালো অভাব নেই আসলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত